ঐতিহাসিক রথযাত্রার সফল আয়োজনে অবদানকারীদের সম্মান জানালেন বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত!
সেখ ওয়ারেশ আলী : ঐতিহাসিক মেদিনীপুর শহরের রথযাত্রা উৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে যাঁরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সম্মান জানাতে আয়োজন করা হল এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এই উদ্যোগ প্রথমবার গ্রহণ করেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত।রথযাত্রার প্রথম দিন থেকে উল্টো রথ পর্যন্ত গোটা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক, বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের সদস্য, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁদের নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের ফলেই ঐতিহাসিক মেদিনীপুরের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।এই অবদানের স্বীকৃতি হিসেবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রথযাত্রার সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক, বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধি এবং উৎসবের সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।এদিন বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত সকলের নিষ্ঠা ও সহযোগিতার প্রশংসা করে বলেন, প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং সামাজিক সংগঠনগুলির সম্মিলিত প্রচেষ্টার ফলেই মেদিনীপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা প্রতি বছর আরও সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজিত হচ্ছে। ভবিষ্যতেও এই সমন্বয় ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেই তিনি আশা প্রকাশ করেন।