খড়্গপুর লোকাল থানার কলাইকুন্ডার কাছে গাড়ির পেছনের চাকার টায়ার ব্লাস্ট হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : গাড়ির পেছনের চাকার টায়ার ব্লাস্ট হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ৯ই ফেব্রুয়ারি সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের বনপুরা থেকে বালিভাসা হাটে যাওয়ার পথে খড়্গপুর লোকাল থানার কলাইকুন্ডার কাছে উল্টে যায় চার চাকা মাল বহনকারী একটি গাড়ি। জানা গিয়েছে, গাড়িটিতে প্রায় ১২ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকা থেকে বালিভাসা হাটে যাচ্ছিলেন। হাটে যাওয়ার পথেই আচমকা গাড়ির পেছনের চাকার টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় গাড়িটি।দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা প্রত্যেকেই কমবেশি জখম হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধারে হাত লাগান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে এবং পরে কয়েকজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।খড়্গপুর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে জানান, দুর্ঘটনায় শেখ আল্লা রাখা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় বলেন, মুরগির হাটে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে।
তিনি জানান, প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং স্থানীয় নেতৃত্বকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা ও মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান।