ঠাকুমার দেহ চুল্লিতে ঢুকতেই ভয়ঙ্কর কাণ্ড! মৃতদেহের উপর ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে পড়লেন নাতি
নিজস্ব সংবাদদাতা : মৃত্যুর শোক যে কখনও কখনও মানুষকে কতটা চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে, তারই ভয়ঙ্কর নজির দেখা গেল নদিয়ার নবদ্বীপে। ঠাকুমার মৃতদেহ বৈদ্যুতিক চুল্লিতে ঢোকানোর সময় আচমকাই দেহের উপর ঝাঁপ দিয়ে চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করলেন এক যুবক। ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটে নবদ্বীপ মহাশ্মশানে। জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গেদে এলাকা থেকে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ দাহ করার জন্য নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে আসা হয়েছিল। শ্মশানযাত্রীরা যখন বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহটি ঢোকাচ্ছিলেন, সেই সময় আচমকাই প্রায় ৩০ বছর বয়সি ইন্দ্রজিৎ বিশ্বাস ট্রলিতে থাকা মৃতদেহের উপর ঝাঁপিয়ে পড়েন। চুল্লির ভিতরে ট্রলি কিছুটা ঢুকে যেতেই শুরু হয় চিৎকার-চেঁচামেচি। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ছুটে আসেন শ্মশানের কর্মীরা ও অন্যান্য শ্মশানযাত্রীরা। তড়িঘড়ি তাঁকে চুল্লির ভিতর থেকে টেনে বাইরে বের করে আনা হয়। পরে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ওই যুবককে দ্রুত নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতা বৃদ্ধা ওই যুবকের ঠাকুমা ছিলেন। ঠাকুমার মৃত্যু মেনে নিতে না পেরে গভীর মানসিক অবসাদ থেকেই ইন্দ্রজিৎ এমন চরম পদক্ষেপ করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।