উচ্চ মাধ্যমিকের দিনেই দুঃস্বপ্ন! মাঝরাস্তায় উল্টে টোটো, আহত ৬ পরীক্ষার্থী!

অভিজিৎ সাহা : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রত্নেশ্বরবাটি এলাকায়।উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে বড়সড় দুর্ঘটনা ঘাটালে। টোটোয় চেপে পরীক্ষা দিতে যাওয়ার সময় আচমকাই উল্টে গেল গাড়ি। ঘটনায় আহত হয়েছেন ৬ জন পরীক্ষার্থী ও টোটো চালক। জানা গিয়েছে, এদিন সকালে রত্নেশ্বরবাটি থেকে ঘাটালের বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন একদল পরীক্ষার্থী। টোটোটি রত্নেশ্বরবাটি বিবেকানন্দ ক্লাবের সামনে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রাস্তায় পড়ে থাকা বালির কারণেই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত হন টোটো চালক সহ মোট ৬ জন পরীক্ষার্থী।

তাঁদের মধ্যে দুই পরীক্ষার্থী তৃষ্ণা মেটে ও মৌপর্ণা পাল গুরুতর জখম হন। স্থানীয় সিভিক ভলান্টিয়ারদের তৎপরতায় দ্রুত আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেওয়া হলেও দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রশংসনীয়ভাবে, হাসপাতালেই ওই দুই পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়। এক আহত ছাত্রীর মা বলেন,“টোটোয় চেপে পরীক্ষা দিতে যাওয়ার সময় ক্লাবের সামনে গাড়ি উল্টে যায়। আমার মেয়ের মাথা ও হাতে চোট লেগেছে। হাতে প্লাস্টার করতে হয়েছে। এখন হাসপাতালে ভর্তি। দুর্ঘটনা হলেও ও পরীক্ষা দেবে।”এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর বালি পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।