মায়ের মৃত্যুবার্ষিকীতে বৃদ্ধাশ্রমে মানবিক উদ্যোগ, দাদু-ঠাকুমাদের সঙ্গে সময় কাটালেন সানাই পাত্র!
অভিজিৎ সাহা : মায়ের মৃত্যুবার্ষিকীকে একটু অন্যভাবে স্মরণ করলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষিকা সানাই পাত্র। প্রয়াত মা মেনকা পাত্রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে মেদিনীপুর পৌরসভার ‘সেল্টার ফর আরবান হোমলেস’ বা বৃদ্ধাশ্রমে পৌঁছে গেলেন তিনি। সঙ্গে ছিলেন ‘মেদিনীপুর ছাত্রসমাজ পরিবার’-এর সদস্যরাও।বৃদ্ধাশ্রমে পৌঁছে সেখানকার দাদু-ঠাকুমাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান সানাই পাত্র ও তাঁর পরিবারের সদস্যরা।
তাঁদের সঙ্গে গল্প, আলাপচারিতা ও কিছুটা সময় ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে আবেগঘন।সানাই পাত্রের উদ্যোগে বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য নৈশকালীন আহারেরও আয়োজন করা হয়। পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী।
এই উদ্যোগ প্রসঙ্গে সানাই পাত্র জানান, মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও প্রবীণ মানুষগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটাতেই এই আয়োজন। বৃদ্ধাশ্রমে এলেই মনটা অন্যরকম হয়ে যায় বলেও জানান তিনি।মায়ের স্মৃতিকে স্মরণ করার পাশাপাশি প্রবীণ মানুষগুলির সঙ্গে সময় ভাগ করে নেওয়ার এই মানবিক উদ্যোগে প্রশংসা কুড়িয়েছেন সানাই পাত্র ও তাঁর পরিবারের সদস্যরা।