মহা শিবরাত্রিতে মানবিক উদ্যোগ, নিমপুরা সুপার বয়েজ ক্লাবের রক্তদান ও স্বাস্থ্য শিবিরে সাড়া!

অরিন্দম চক্রবর্তী: মহা শিবরাত্রি পূজোকে কেন্দ্র করে খড়্গপুর শহরের নিমপুরা এলাকায় মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলল নিমপুরা সুপার বয়েজ ক্লাব। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া মিলল সাধারণ মানুষের।এদিন মোট ৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন Kharagpur Subdivisional Hospital–এর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় ১০০ জন মানুষ রক্তশর্করা, রক্তচাপ, কোলেস্টেরল, ক্যালসিয়াম পরীক্ষা করান। এছাড়াও দাঁত ও চোখের পরীক্ষা এবং সাধারণ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগও ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমপুরা ফাঁড়ির ইনচার্জ সৌমিত্র রজক। এছাড়াও দেবাশীষ চৌধুরী, সিএইচ বিষ্ণু প্রসাদ, রোহন দাস, রাকেশ নাহার, অঙ্কিত পানসুরিয়া এবং বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহ জোগান।

উৎসবের দিনে এমন মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই প্রশংসার ঝড় উঠেছে এলাকায়। ধর্মীয় আবহের মধ্যেই সমাজসেবার এই বার্তা অনেকের মন জয় করেছে।