বাঁকুড়ার ইন্দাসে কর্তব্যের পাশাপাশি মানবসেবা, বেতনের টাকায় অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছেন তিন সিভিক ভলান্টিয়ার!

নিজস্ব সংবাদদাতা: কর্তব্য পালনের পাশাপাশি মানবিক উদ্যোগের নজির গড়লেন বাঁকুড়া জেলার ইন্দাস থানার তিন সিভিক ভলান্টিয়ার। নিজেদের বেতনের টাকা থেকে সঞ্চয় করে প্রতি রবিবার দুস্থ ও অসহায় মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছেন উত্তম বাগদি, শ্যামল মণ্ডল ও শিব শম্ভু। তাঁদের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।জানা গিয়েছে, ইন্দাসের পীরতলায় প্রতি রবিবার দুপুরে আয়োজন করা হয় এই খাবার বিতরণ কর্মসূচির। দৈনন্দিন কর্তব্য পালনের পাশাপাশি নিজেদের উপার্জনের একটি অংশ তাঁরা ব্যয় করছেন মানুষের সেবায়। শুধু খাবারের ব্যবস্থা করেই দায়িত্ব শেষ করছেন না তাঁরা, নিজেরাই অসহায় মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন এবং তাঁদের পাশে দাঁড়াচ্ছেন।স্থানীয় সূত্রে খবর, প্রতি রবিবার এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ জন দুস্থ ও অসহায় মানুষ দুপুরের খাবার পান। তিন সিভিক ভলান্টিয়ারের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও।সমাজসেবার জন্য যে বিপুল অর্থসম্পদের প্রয়োজন নেই, বরং আন্তরিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—নিজেদের কাজের মধ্য দিয়ে সেই বার্তাই তুলে ধরছেন উত্তম বাগদি, শ্যামল মণ্ডল ও শিব শম্ভু। তাঁদের এই মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।