মহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবীর, আর্থিক সংকট কাটানোর আশ্বাস!

নিজস্ব সংবাদদাতা : ৬ই জুন শনিবার দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রশাসনিক কমিটিতে বড় পরিবর্তন এল। সম্প্রতি ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফা দেন আমিরুদ্দিন ববি। এরপর থেকেই নতুন সভাপতির নাম নিয়ে জোর চর্চা শুরু হয় সমর্থক মহলে।৬ই জুন শনিবার রেড রোডে অবস্থিত ক্লাব তাবুতে অনুষ্ঠিত কমিটির বৈঠকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। বৈঠক শেষে তাঁকে নামাঙ্কিত জার্সি ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর ক্লাবের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে বলেন, “আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সমর্থকদের কাছে অনুরোধ, তাঁরা যেন কিছুটা ধৈর্য ধরেন। মহামেডানের ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ণ রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।”ক্লাব পরিচালনায় রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “মুখে বলা সহজ, বাস্তবে তা কার্যকর করা কঠিন। কল্যাণ চৌবে বর্তমানে এআইএফএফ-এর সভাপতি, তিনি আগে বিজেপির প্রার্থী ছিলেন। আমি নিজেও একজন বিধায়ক এবং রাজনীতির সঙ্গে যুক্ত। তবে আমি আশ্বস্ত করতে পারি, ক্লাবের অভ্যন্তরে রাজনৈতিক আলোচনা বা প্রভাবের কোনও স্থান থাকবে না।”নতুন সভাপতির এই বার্তা মহামেডান সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করেছে। এখন ক্লাবের আর্থিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নেতৃত্ব কতটা সফল হয়, সেদিকেই নজর থাকবে সকলের।