২৫৩ রানের পাহাড়! সঞ্জু-ঈশানের ঝড়ে ইংল্যান্ডের সামনে বিশাল লক্ষ্য, ওয়াংখেড়ে গ্যালারিতে উচ্ছ্বাস!

ইন্ডিয়া ২৫৩/৭ (২০)

নিজস্ব সংবাদদাতা :  টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ২৫৩ রানের বিশাল স্কোর গড়ে তুলল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে ইংল্যান্ডের সামনে কার্যত পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়ে দিল টিম ইন্ডিয়া।ভারতের ইনিংসের মূল ভরসা ছিলেন সঞ্জু স্যামসন। মাত্র ৪২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে আটটি চার ও সাতটি ছক্কা। শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হয়ে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন সঞ্জু।অন্যদিকে, অভিষেক শর্মা এদিনও বড় রান করতে ব্যর্থ হন। তবে ঈশান কিষানের ব্যাটে ছিল আত্মবিশ্বাস ও আগ্রাসনের ঝলক। মাত্র ১৮ বলে ৩৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। প্রথম উইকেট পড়ে যায় মাত্র ২০ রানে, কিন্তু দ্বিতীয় উইকেটে ১১৭ রানের দুরন্ত জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ভারতীয় ব্যাটাররা।

এই জুটিই মূলত ম্যাচের ভিত্তি তৈরি করে দেয়।এরপর শিবম দুবে ২৫ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব এদিন বড় রান পাননি। মাত্র ৬ বলে ১১ রান করেই থামতে হয় তাঁকে।শেষের দিকে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মার ঝোড়ো ব্যাটিং ভারতের স্কোরকে আরও উঁচুতে নিয়ে যায়। হার্দিক মাত্র ১২ বলে ২৭ রান করেন, আর তিলক ৭ বলে করেন ২১ রান। তাঁদের ঝড়ো ইনিংসের সৌজন্যে ২০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২৫৩।এদিকে গ্যালারিতে উপস্থিত ছিলেন একাধিক তারকা ক্রিকেটারও। দর্শকাসনে দেখা যায় মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে। তাঁদের উপস্থিতি আরও বাড়িয়ে দেয় ম্যাচের উত্তেজনা।খেলা শুরুর অনেক আগেই উৎসবের আবহ তৈরি হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কয়েক ঘণ্টা আগে থেকেই গ্যালারি ভরতে শুরু করে সমর্থকদের ঢল। অধিকাংশের গায়ে ছিল ভারতীয় দলের জার্সি, হাতে পোস্টার ও ব্যানার। প্রিয় দলের জয়ের আশায় দলে দলে মাঠে হাজির হয়েছিলেন সমর্থকরা।উল্লেখ্য, প্রথম সেমিফাইনাল জিতে ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। রবিবারের ফাইনালে কারা তাদের মুখোমুখি হবে, সেই সিদ্ধান্ত নিতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এখন দেখার, ২৫৪ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড কতটা চাপ সামলাতে পারে।