টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড!

দক্ষিণ আফ্রিকা ১৬৯/৮(২০)
নিউজিল্যান্ড ১৭৩/১(১২.৫)

নিজস্ব সংবাদদাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। এবার মেগা ফাইনালে তাদের সামনে কে? সেই উত্তর মিলবে বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ, যেখানে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। বহু ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী ওয়াংখেড়েতে আর এক মহারণের অপেক্ষা। প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্স-এ একতরফা ছবি। দক্ষিণ আফ্রিকাকে কার্যত উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল কিউই ব্রিগেড। তবে এই জয়ের কেন্দ্রে একটাই নাম—ফিন অ্যালেন। নিউজিল্যান্ডের ওপেনার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

মাত্র ৩৩ বলে অপরাজিত ১০০ রান! ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা। তাঁর ব্যাট থেকে বেরিয়েছে নির্মম বার্তা—নকআউটে কোনও দয়া নেই।১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১২.৫ ওভারেই এক উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে দেয়। হাতে থাকে ৪৩ বল। এমন দাপুটে জয় কি কেউ কল্পনা করেছিলেন? টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করা দক্ষিণ আফ্রিকা যে এভাবে ভেঙে পড়বে, তা ভাবা কঠিন ছিল।

এই বিশ্বকাপে টানা সাত ম্যাচ অপরাজিত ছিল প্রোটিয়া ব্রিগেড। সেমিফাইনালের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে পাঁচবারই জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ইতিহাস ছিল তাদের পক্ষেই। কিন্তু নকআউট মানেই নতুন গল্প।ইডেনে সেই ইতিহাস বদলে গেল। চিরকালীন ‘চোকার্স’ তকমা ঝেড়ে ফেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও ব্যাটারদের ভরাডুবি। শুরু থেকেই ছন্দহীন ব্যাটিং লাইনআপ। যদিও মার্কো জ্যানসেনের লড়াইয়ে কোনওমতে সম্মানজনক স্কোরে পৌঁছয় দল। কিন্তু অ্যালেনের ঝড়ে সব হিসাব উড়ে যায়।এবার চোখ ওয়াংখেড়ের দিকে। ভারত না ইংল্যান্ড—কারা যাবে ফাইনালে? নিউজিল্যান্ড অপেক্ষায়। তবে একথা স্পষ্ট, এই কিউই দলকে হালকা ভাবে নিলে মাশুল দিতে হবে চড়া।