আইআইটি খড়গপুরে আন্তর্জাতিক গবেষকদের মিলনমেলা, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ে পরিচালক!

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক শিক্ষাগত সহযোগিতা আরও মজবুত করতে নতুন উদ্যোগ নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানের ডিনস ইন্টারন্যাশনাল রিলেশনস অফিসের উদ্যোগে সম্প্রতি আইআইটি খড়গপুরে আগত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তীর এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের নামী বিশ্ববিদ্যালয় থেকে আসা গবেষণা ইন্টার্নরা। তাঁরা বর্তমানে আইআইটি খড়গপুরের বিভিন্ন বিভাগে শিক্ষকদের তত্ত্বাবধানে গবেষণামূলক ইন্টার্নশিপে যুক্ত রয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি-এর হানা চো, ভি ট্রিনহ ও জিয়া গোয়াল এবং জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়-এর জুলিয়ান সেইথার।

আইআইটি খড়গপুরের সদ্য চালু হওয়া ‘প্ল্যাটিনাম জুবিলি গ্লোবাল চ্যালেঞ্জ প্রোগ্রাম’ এবং ‘ইন্টারন্যাশনাল সামার রিসার্চ প্রোগ্রাম’-এর আওতায় এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের আতিথ্য দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে শিক্ষাগত যোগাযোগ ও গবেষণা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মেধাবী বিদেশি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করাই এই কর্মসূচিগুলির মূল উদ্দেশ্য।প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, আগামী বছর বিশ্বের প্রথম সারির আরও বহু বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীকে এই ধরনের গবেষণা কর্মসূচিতে স্বাগত জানানোর পরিকল্পনা রয়েছে আইআইটি খড়গপুরের। এর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে গবেষণা, উদ্ভাবন এবং বহুমুখী শিক্ষাগত সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিন (আন্তর্জাতিক সম্পর্ক) অধ্যাপক আনন্দরূপ ভট্টাচার্য, ইন্টার্নশিপ তত্ত্বাবধানকারী শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। আলোচনায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাঁদের গবেষণার আগ্রহ, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি একাডেমিক সহযোগিতা, উদ্ভাবনী গবেষণা এবং আন্তঃবিভাগীয় কাজের সম্ভাবনা নিয়েও হয় গুরুত্বপূর্ণ আলোচনা।