আইআইটি খড়গপুরে জাতীয় জলবায়ু উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬, দেশজুড়ে উদ্ভাবকদের মিলনমেলা!
নিজস্ব সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “এক পৃথিবী, এক ভবিষ্যৎ, এক দায়িত্ব” শীর্ষক ভাবনাকে সামনে রেখে আইআইটি খড়গপুরের স্কুল অফ ওয়াটার রিসোর্সেস (SoWR) আয়োজন করল জাতীয় জলবায়ু উদ্ভাবন প্রতিযোগিতা (National Climate Innovation Competition - NCIC) ২০২৬। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিল্পসংস্থা এবং উদ্ভাবনী ইকোসিস্টেমের প্রায় ২০০ জন প্রতিনিধি ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় স্কুল শিক্ষার্থী, স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়া, গবেষক এবং স্টার্টআপদের জন্য পাঁচটি পৃথক প্রতিযোগিতা বিভাগ রাখা হয়।
অংশগ্রহণকারীরা জলবায়ু সহনশীলতা, জলসম্পদ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য শক্তি, কার্বন নিয়ন্ত্রণ, পরিবেশগত পর্যবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং চক্রাকার অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিগত সমাধান উপস্থাপন করেন।অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি দিল্লির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক অরবিন্দ কে. নেমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত এবং আইআইইএসটি শিবপুরের প্রাক্তন পরিচালক অধ্যাপক অজয় কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের ডিন অফ ফ্যাকাল্টি অধ্যাপক সোমেশ কুমার, ডিন (ক্যাম্পাস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট) অধ্যাপক ব্রজেশ কে. দুবে এবং স্কুল অফ ওয়াটার রিসোর্সেসের চেয়ারপার্সন ও অ্যাসোসিয়েট ডিন (আউটরিচ) অধ্যাপক রাজীব মাইতি। অনুষ্ঠানে শহুরে দূষণ ও বায়ুর গুণমান ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ ডঃ সারথ গুট্টিকুন্দা এবং নোভাসেনসার চিফ অপারেটিং অফিসার ভ্যানেসা লাকায়ো বিশেষ বক্তৃতা দেন।
তাঁরা জলবায়ু পরিবর্তনজনিত উদীয়মান চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবননির্ভর সমাধানের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্লাইমেট ক্যাপিটাল ফোরাম, যেখানে জলবায়ু-প্রযুক্তি নির্ভর স্টার্টআপগুলির সঙ্গে বিনিয়োগকারী, শিল্প বিশেষজ্ঞ এবং উদ্ভাবনী নেতৃত্বের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়। এই পর্বে আইআইটি খড়গপুরের ডিন (উদ্ভাবন ও উদ্যোক্তা) অধ্যাপক মনোজ কুমার মন্ডল, জেআইএস গ্রুপের ডিরেক্টর জসপ্রীত কৌর এবং ইন্ডিয়া অ্যাক্সিলারেটরের সিনিয়র অ্যানালিস্ট চিন্ময়ী সাতাপথি জলবায়ুকেন্দ্রিক উদ্যোগের বাণিজ্যিকীকরণ ও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন। এই উদ্যোগ শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা ও শিল্পক্ষেত্রের পেশাদারদের মধ্যে জ্ঞান বিনিময় ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।