ভূমি দফতরের আধিকারিকের বিপুল সম্পত্তির হদিস, ২০০ কোটিরও বেশি সম্পদ উদ্ধার!
নিজস্ব সংবাদদাতা : তেলেঙ্গানায় দুর্নীতির বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল সম্পদের হদিস পেল দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)। জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ রাখার অভিযোগে মঙ্গলবার হায়দরাবাদে ভূমি ও জরিপ বিভাগের উপ-পরিচালক (মাল্টি জোন-২) সুনকারি নরহরির একাধিক ঠিকানায় তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। অভিযুক্ত আধিকারিকের নাম সুঙ্কারি নরহরি রাও। তিনি ভূমি দফতরের যুগ্ম অধিকর্তা পদে কর্মরত। মঙ্গলবার তাঁর একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চালায় এসিবি। এসিবি সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় নরহরির নামে ও বেনামে প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তির সন্ধান মিলেছে। উদ্ধার হওয়া সম্পদের মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাট, বিস্তীর্ণ জমি, বিলাসবহুল বাড়ি, কৃষিজমি এবং বিপুল পরিমাণ নগদ অর্থ। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরে জ্ঞাত আয়ের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ সম্পদ গড়ে তোলার অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। বিভিন্ন নথি, সম্পত্তির দলিল এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।এসিবির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে যে পরিমাণ সম্পদের হদিস মিলেছে, তার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। তবে তদন্ত এগোলে সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।বর্তমানে উদ্ধার হওয়া নথিপত্র ও আর্থিক তথ্য বিশ্লেষণ করে সম্পদের উৎস অনুসন্ধান করা হচ্ছে। অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ সংক্রান্ত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন ব্যুরো।