জঙ্গলমহলে বদলের হাওয়া! গোয়ালতোড়ে ক্যারাটে বেল্ট পরীক্ষায় নজরকাড়া অংশগ্রহণ, আত্মরক্ষায় এগোচ্ছে নতুন প্রজন্ম!
নিজস্ব সংবাদদাতা : জঙ্গলমহলের গোয়ালতোড়ে অনুষ্ঠিত হল ক্যারাটের কালার বেল্ট পরীক্ষা, যেখানে অংশ নিল গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড, রামগড় ও লালগড়ের বহু শিক্ষার্থী। একসময়ের আতঙ্কিত ও পিছিয়ে পড়া জঙ্গলমহল আজ বদলে ফেলেছে নিজের চেহারা—মানুষের সচেতনতা ও আত্মবিশ্বাসে এসেছে বড় পরিবর্তন। যে অঞ্চল একসময় নিরাপত্তাহীনতার কারণে চর্চায় থাকত, সেখানেই এখন আত্মরক্ষার শিক্ষায় এগিয়ে আসছে নতুন প্রজন্ম।
All India Seishinkai Shitoryu Karate Do Federation-এর অনুমোদিত Shubhajit Seishinkai Shitoryu Karate Do Academy-র উদ্যোগে গত ১ মে গোয়ালতোড় গার্লস হাই স্কুলে এই বার্ষিক বেল্ট পরিবর্তন পরীক্ষা অনুষ্ঠিত হয়। অফিসিয়াল পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাসবিহারী পাল, যিনি ন্যাশনাল পরীক্ষক, রেফারি, জাজ ও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
গোয়ালতোড় মূল শাখা ছাড়াও চন্দ্রকোনা রোড ও রামগড় মিলিয়ে মোট ৪৮ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রশিক্ষক ও আয়োজক শুভজিৎ চক্রবর্তী জানান, ক্যারাটে শুধু আত্মরক্ষার কৌশলই নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কেরিয়ার গড়ারও সুযোগ এনে দেয়। তাঁর দাবি, গত কয়েক বছরে তাঁদের ছাত্রছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিক সোনা, রূপো ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
পরীক্ষা শেষে সফল পরীক্ষার্থীদের হাতে নতুন বেল্ট ও শংসাপত্র তুলে দেন রাসবিহারী পাল। তিনি বলেন, জঙ্গলমহলের মতো প্রত্যন্ত এলাকায় আত্মরক্ষার এই উদ্যোগ আগামী প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং গোটা অঞ্চলের মানুষের কাছে গর্বের কারণ হয়ে উঠবে।