NEP ২০২০ ও জেনএআই-এ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আইআইটি খড়গপুরে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা : স্কুল শিক্ষায় আধুনিক প্রযুক্তি ও নতুন শিক্ষণ পদ্ধতির ব্যবহার বাড়াতে পাঁচ দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সফলভাবে আয়োজন করল আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড কনভারজেন্ট টেকনোলজিস (CIDCT)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল বিষয় ছিল—‘স্কুল শিক্ষায় শিক্ষণ পদ্ধতির রূপান্তর: NEP 2020, ডিজিটাল শিক্ষণ পদ্ধতি এবং GenAI’।মূলত PGT রসায়ন এবং TGT (ওয়ার্ক এক্সপেরিয়েন্স) শিক্ষকদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণে আধুনিক শিক্ষণ পদ্ধতির সঙ্গে প্রযুক্তি ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষাকে যুক্ত করার উপর গুরুত্ব দেওয়া হয়। ফলাফলভিত্তিক শিক্ষা, মূল্যায়ন ও পরীক্ষাগারভিত্তিক শিক্ষার পাশাপাশি Generative AI, Computational Thinking, IoT, Microcontroller, 3D Printing, Raspberry Pi এবং প্রকল্পভিত্তিক শিক্ষার মতো বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।কর্মসূচিতে আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী একটি বিশেষ অধিবেশনে অংশ নেন।

সেখানে শ্রেণিকক্ষে আধুনিক ও কার্যকর শিক্ষণ পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। ভবিষ্যৎমুখী ও আকর্ষণীয় শিক্ষার পরিবেশ তৈরিতে শিক্ষকদের ভূমিকার উপরও গুরুত্ব দেওয়া হয়।প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষকরা আইআইটি খড়গপুরের ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব এবং নেহেরু বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করেন। এর ফলে শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ও প্রযুক্তিনির্ভর শিক্ষার অভিজ্ঞতা লাভের সুযোগ পান তাঁরা।

আইআইটি খড়গপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তি ও উদ্ভাবনের অভিজ্ঞতাকে স্কুল স্তরের শ্রেণিকক্ষ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে NEP 2020-এর লক্ষ্য ও ভাবনাকে বাস্তব শিক্ষণ অভিজ্ঞতায় রূপান্তরিত করার জন্য শিক্ষকদের আরও দক্ষ করে তোলাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।আয়োজকদের মতে, শিক্ষার ভবিষ্যৎ শুধু কী পড়ানো হচ্ছে তার উপর নির্ভর করে না; বরং যাঁরা পড়াচ্ছেন, তাঁদের কতটা দক্ষ ও প্রযুক্তি-সচেতন করে তোলা যাচ্ছে, তার উপরও অনেকটাই নির্ভরশীল।