সমর্থকদের দুর্ভোগ কমাতে বড় পদক্ষেপ,শনিবার ডুরান্ডে কলকাতা ডার্বি দিয়ে চালু হচ্ছে পেপারলেস টিকিট!
নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপের উত্তেজনা পেরিয়ে এবার ফের ঘরোয়া ফুটবলের মরশুম। আগামী ২৫ জুলাই কলকাতা ডার্বি দিয়ে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ১৩৫তম ডুরান্ড কাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান—মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি। মোট ২৪টি দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ২৩ অগাস্ট পর্যন্ত। ডুরান্ড কাপ শুরুর আগে সমর্থকদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এবার থেকে অনলাইনে টিকিট কাটার পর আর সেই টিকিটের ‘রিডেম্পশন’ করাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে না। চালু হচ্ছে পেপারলেস টিকিট ব্যবস্থা। অতীতে অনলাইনে টিকিট কাটার পরও সমর্থকদের মহমেডান মাঠ বা মোহনবাগান মাঠে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অনলাইন টিকিটের কিউআর কোড দেখিয়ে হাতে নিতে হত ফিজিক্যাল টিকিট। সেই টিকিট দেখিয়েই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলত। বৃষ্টি, জল-কাদা এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল সমর্থকদের মধ্যে।এবার সেই নিয়মেই বদল আনল সরকার। কলকাতায় অনুষ্ঠিত ডুরান্ড কাপের ম্যাচগুলিতে অনলাইনে কাটা ই-টিকিটের কিউআর কোড দেখিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা। আলাদা করে ফিজিক্যাল টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “ডুরান্ডের আগে দর্শকদের জন্য সুখবর। স্ট্যাম্পিংয়ের জন্য আর এদিক-ওদিক দৌড়তে হবে না। আমরা প্রথমবার পেপারলেস টিকিট চালু করতে চলেছি। ফলে অনলাইনে কাটা টিকিট নিয়েই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।”এই উদ্যোগের জন্য ভারতীয় সেনা এবং যুব পরিষেবা ও ক্রীড়া দফতরকেও ধন্যবাদ জানান তিনি।
এদিকে, ডুরান্ড কাপের উদ্বোধন নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ডুরান্ড কাপ নিয়ে আগ্রহী। সব ঠিক থাকলে তিনি নিজেই যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করতে পারেন। তবে এবার ডুরান্ড কাপের ২৪ দলের তালিকায় জায়গা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র। তবুও টিকিট ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণায় ডুরান্ড শুরুর আগেই খুশি ফুটবলপ্রেমীরা। দীর্ঘদিনের দাবি মেনে পেপারলেস টিকিট ব্যবস্থা চালু হওয়ায় এবার ম্যাচ দেখতে গিয়ে সমর্থকদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।