ঋতব্রত বহিষ্কার ইস্যুতে কুণাল ঘোষের তোপ, সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ!
নিজস্ব সংবাদদাতা : দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কারের পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।কুণাল ঘোষ তাঁর পোস্টে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে প্রশ্ন তোলেন, যদি দলের প্রতি এত আপত্তি থেকেই থাকে, তবে তৃণমূলের টিকিটে নির্বাচন লড়লেন কেন? তিনি দাবি করেন, দলের প্রতীক ও নেতৃত্বের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
পোস্টে কুণাল আরও অভিযোগ করেন, দলের অভ্যন্তরীণ বৈঠকে নিজের মতামত না জানিয়ে প্রকাশ্যে দলের বিরুদ্ধে মন্তব্য করা শৃঙ্খলাভঙ্গের সামিল। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় ঋতব্রত ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে একাধিক অভিযোগও উত্থাপন করেন এবং প্রয়োজনে তদন্তকারী সংস্থার কাছে বিষয়গুলি তুলে ধরার কথাও জানান।
তৃণমূল নেতৃত্বের প্রতি অসন্তোষ থাকতেই পারে, তবে দলের ক্ষতি করার চেষ্টা বা নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান গ্রহণকে দল বরদাস্ত করবে না বলেও তাঁর পোস্টে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং বিভিন্ন পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়াও সামনে আসছে।