বীরসিংপুরে সু-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত
অভিজিৎ সাহা,পশ্চিম মেদিনীপুর: গতকাল গড়বেতা-৩ নং ব্লকের অন্তর্গত বীরসিংপুর এলাকায় নবনির্মিত সু-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন সম্পন্ন হল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় খুশির আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রী শ্রীকান্ত মাহাত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা-৩ নং পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী চিন্ময় সাহা মহাশয়, সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) শ্রী দীপাঞ্জন ভট্টাচার্য মহাশয়, সহ-সভাপতি সিরাজুল পাঠান মহাশয়, গড়বেতা-৩ নং ব্লকের স্বাস্থ্য আধিকারিক শ্রী অমিত কুমার মালাকার মহাশয়, পূর্ত কর্মাধ্যক্ষ শ্রী সুমন্ত পাল মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সু-স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ার ফলে এলাকার সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্যভাবে পাবেন। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ, সাধারণ চিকিৎসা ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা এখান থেকে প্রদান করা হবে। ফলে দূরবর্তী হাসপাতালে ছুটে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করা হয়। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেন। এদিন ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য কেন্দ্রটির যাত্রা শুরু হয়।