অবিশ্বাস্য শিল্পকর্ম! ছোলার ডালে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রতিকৃতি গড়ে তাক লাগালেন শিল্পী
নিজস্ব সংবাদদাতা : একটি ছোট্ট ছোলার ডালের দানা। আর সেই ক্ষুদ্র জায়গার মধ্যেই নিখুঁতভাবে ফুটে উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র প্রতিকৃতি। অবিশ্বাস্য এই শিল্পকর্ম ঘিরে এখন চর্চা শুরু হয়েছে নদিয়ার রানাঘাটে। শিল্পীর সূক্ষ্ম হাতের কারুকার্য দেখে মুগ্ধ সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলও।রানাঘাট রামনগরের বাসিন্দা ৬৫ বছরের শিল্পী Manik Debnath বহুদিন ধরেই তাঁর ব্যতিক্রমী ক্ষুদ্র শিল্পকলার জন্য পরিচিত। এবার তিনি তৈরি করলেন ছোলার ডালের উপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিকৃতি। রং-তুলির নিপুণ ছোঁয়ায় এক টুকরো ডালের উপর এত সূক্ষ্মভাবে মুখের অবয়ব ফুটিয়ে তোলা কার্যত তাক লাগিয়ে দিয়েছে সকলকে।শিল্পী জানান, বিধানসভা নির্বাচনের সময় থেকেই তাঁর মাথায় এই ভাবনা আসে। তিনি বিশ্বাস করতেন, বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটতে চলেছে এবং মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। ফলপ্রকাশের পর বিজেপির জয়ের পরই তিনি কাজে হাত দেন। দীর্ঘ সময় ধরে অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই ক্ষুদ্র শিল্পকর্ম সম্পূর্ণ করেন তিনি। শিল্পী মানিক দেবনাথ বলেন, “বাংলার রাজনৈতিক ইতিহাসে এই পরিবর্তনের সময়টা স্মরণীয় হয়ে থাকবে। তাই আমি চেয়েছি আমার শিল্পকলার মাধ্যমে সেই মুহূর্তকে ধরে রাখতে।”বর্তমানে তাঁর এই সৃষ্টি দেখতে ভিড় জমাচ্ছেন প্রতিবেশীরা। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরাও শিল্পীর বাড়িতে গিয়ে তাঁর কাজের প্রশংসা করছেন। নদিয়ার বিজেপি নেতৃত্বও এই শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেছে।উল্লেখ্য, এটি প্রথম নয়। এর আগেও শিল্পী মানিক দেবনাথ তাঁর ক্ষুদ্র শিল্পকলার মাধ্যমে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী Buddhadeb Bhattacharjee-র প্রতিকৃতিও তাঁর হাতে ফুটে উঠেছিল। এছাড়াও প্রাক্তন রাজ্যপাল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির মুখচ্ছবি তিনি ক্ষুদ্র শিল্পের মাধ্যমে তুলে ধরেছেন।শুধু দেশেই নয়, শিল্পী মানিক দেবনাথের শিল্পকর্ম আন্তর্জাতিক মহলেও সমাদৃত হয়েছে। তাঁর তৈরি একাধিক ক্ষুদ্র শিল্পকর্ম রাশিয়ার একটি মিউজিয়ামেও স্থান পেয়েছে বলে জানা গিয়েছে। এবার ছোলার ডালের উপর মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি তৈরি করে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রানাঘাটের এই প্রবীণ শিল্পী।