রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা: উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার ব্লক সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। সেই মামলার পাশাপাশি আরও একটি পুরনো মামলাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।সইফুল ইসলামের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক মহলের বক্তব্য, নির্বাচনের ঠিক আগে একজন প্রার্থীকে পুরনো মামলায় গ্রেফতার করার ঘটনা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। অন্যদিকে পুলিশের বক্তব্য, পুরনো মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই গ্রেফতারি।বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “পুরনো যদি মামলা থাকে আর জামিন না নেওয়া থাকে তাহলে তো গ্রেফতার হতেই হবে। কেউ কিছু করতে পারবে না।”অন্যদিকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই গ্রেফতারির তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, নন্দীগ্রামের পর রেজিনগরেও একই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তাঁর দাবি, চাপের মুখেও রেজিনগরের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।উল্লেখ্য, শুক্রবারই নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ২০০৭ সালের পুরনো মামলায় গ্রেফতার করা হয়। শনিবার হলদিয়া আদালত তাঁকে ৩ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর—দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা।