'সারে জাহাঁ সে আচ্ছা'— ব্রিটিশ বধে বিশ্বজয় ভারতের ছোটদের, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ষষ্ঠবার চ্যাম্পিয়ন!
অভিজিৎ সাহা, স্পোর্টস ডেস্ক: দাদাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের আগেই বিশ্বমঞ্চে ভারতীয় ক্রিকেটের জয়গান। জিম্বাবোয়ের হারারে স্পোর্টিং ক্লাব মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবার বিশ্বসেরার মুকুট জিতল ভারতের ছোটরা। ব্যাটে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংস ও দলগত বোলিং পারফরম্যান্সে ব্রিটিশদের দম্ভ চুরমার করে দিল ভারত। ৬ই ফেব্রুয়ারি শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশীর জুটি। সাবধানী শুরু করে পরে গতি বাড়ান বৈভব। মাত্র ৮০ বলে ১৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, মারেন ১৫টি চার ও ১৫টি ছক্কা। ডবল সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে থামলেও তাঁর ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।অধিনায়ক আয়ুষ মাত্রে করেন কার্যকরী ৫৩ রান।
বেদান্ত ত্রিবেদী ৩২, অভিজ্ঞান কুণ্ডু ৩১ বলে ৪০, বিহান মালহোত্রা ৩০ এবং শেষ দিকে কণিষ্ক চৌহানের ২০ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে ভারত নির্ধারিত ওভারে তোলে ৪১১/৯। ৪১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। যদিও বেন ডকিন্স ও বেন মেইস লড়াই চালান। ডকিন্স ৬৬ রান করেন। একসময় ইংল্যান্ডের রান ২০ ওভারে ১৭০ পেরোলেও ম্যাচে ফেরেন ভারতীয় বোলাররা।
অধিনায়ক আয়ুষ মাত্রে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলে দ্রুত ভেঙে পড়ে ইংল্যান্ডের মাঝের সারি। ১৭৪/৩ থেকে ১৭৭/৭ হয়ে যায় তাদের স্কোর।শেষদিকে ক্যালেব ম্যাথিউ ফ্যালকনার ১১৫ রানের লড়াকু ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ৩১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে অম্বরীশ ৩টি উইকেট নেন, দীপেশ দেবেন্দ্রন ও কণিষ্ক চৌহান নেন ২টি করে উইকেট। ১০০ রানের এই জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো ভারত। বৈভব, আয়ুষ, অভিজ্ঞানদের পারফরম্যান্স প্রমাণ করে দিল— ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটে বড় মঞ্চে নিজেদের মেলে ধরার মতো সব উপাদান রয়েছে এই তরুণ দলের মধ্যে।