ভেনেজুয়েলার দুর্যোগে ভারতের সহায়তার হাত, চিকিৎসা দল ও ত্রাণসামগ্রী পাঠানো হল!

নিজস্ব সংবাদদাতা : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, বিপর্যস্তদের পাশে ‘অপারেশন আমিস্টাড’ নিয়ে ভারতের মানবিক উদ্যোগ!ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। গত এক শতাব্দীর মধ্যে অন্যতম ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রাজধানী কারাকাস-সহ একাধিক শহরে শত শত ভবন ধসে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা জোরকদমে চললেও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ভারত শুরু করেছে ‘অপারেশন আমিস্টাড’। স্প্যানিশ ভাষায় ‘আমিস্টাড’-এর অর্থ ‘বন্ধুত্ব’। বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর জানান, মানবিক সহায়তার এই বিশেষ অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমানে করে জরুরি ত্রাণসামগ্রী ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে।

ভারতের পক্ষ থেকে ৩৫ টনেরও বেশি ত্রাণসামগ্রী, জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং জীবনরক্ষাকারী উপকরণ পাঠানো হয়েছে। ত্রাণের মধ্যে রয়েছে দুটি ‘BHISHM Cube’, যা দ্রুত স্থাপনযোগ্য অত্যাধুনিক জরুরি চিকিৎসা ইউনিট হিসেবে বিপর্যস্ত এলাকায় তাৎক্ষণিক স্বাস্থ্য পরিষেবা দিতে সক্ষম।

এছাড়াও দুর্গতদের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে একটি ইন্ডিয়ান আর্মি ফিল্ড হসপিটাল ইউনিট মোতায়েন করা হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে এই বিশেষ দল ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান করবে।ভারতের এই মানবিক উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। সংকটের এই সময়ে বন্ধুত্ব ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে ‘অপারেশন আমিস্টাড’-এর মাধ্যমে ভেনেজুয়েলার মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ভারত।