পারমাণবিক শক্তিতে বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র চালু করল ভারত!
নিজস্ব সংবাদদাতা : পরমাণু শক্তি ও পরিচ্ছন্ন জ্বালানির ক্ষেত্রে বিশ্বের দরবারে নতুন মাইলফলক গড়ল ভারত। তামিলনাড়ুর কালপাক্কমে অবস্থিত ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ (IGCAR)-এ 'ফাস্ট ব্রিডার টেস্ট রিঅ্যাক্টর' (FBTR) থেকে উৎপন্ন পারমাণবিক তাপশক্তি ব্যবহার করে বিশ্বের প্রথম 'কপার-ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল'ভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।পরমাণু শক্তি মন্ত্রকের সচিব ড. অজিত কুমার মোহান্তি এই অত্যাধুনিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, নির্ভরযোগ্য, টেকসই এবং কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বৃহৎ পরিসরে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।তিনি আরও জানান, এই প্রকল্প ভারতের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করবে, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ফলে পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের লক্ষ্যও বাস্তবায়িত হবে।ড. মোহান্তির মতে, বিশ্বের প্রথম এই প্রযুক্তিনির্ভর হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের সফল উদ্বোধন উন্নত পারমাণবিক প্রযুক্তি এবং সবুজ জ্বালানির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতার এক উজ্জ্বল নিদর্শন। ভবিষ্যতে পরিচ্ছন্ন শক্তি ব্যবস্থার প্রসারে এই উদ্যোগ আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।