১২ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে রুপো মীরাবাই চানুর!

নিজস্ব সংবাদদাতা: অলিম্পিক থেকে পদক এসেছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। কিন্তু এশিয়ান গেমসের পদকটি এতদিন অধরাই ছিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই স্বপ্ন পূরণ করলেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু। এশিয়ান গেমসে রুপো জিতে নিজের পদক-তালিকায় যোগ করলেন আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য।৪৯ কেজি বিভাগে মোট ১৯৮ কেজি ওজন তুলে রুপোর পদক জিতেছেন চানু। স্ন্যাচে ৮৭/৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি ওজন তোলেন তিনি। ২১৫ কেজি তুলে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং গাম। ইন্দোনেশিয়ার প্রতিযোগী ১৯১ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন।চানুর জন্য এই পদক বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এশিয়ান গেমসে পদক জেতার স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছেন। ২০১৪ সালের এশিয়ান গেমসে নবম স্থানে শেষ করেছিলেন।

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী

২০১৮ সালে চোটের কারণে অংশ নিতে পারেননি। ২০২৩ সালে অল্পের জন্য পদক হাতছাড়া হয়ে চতুর্থ স্থানে শেষ করেন। এরপরও লক্ষ্য থেকে সরে যাননি।রুপো জয়ের পর চানু বলেন, “এশিয়ান গেমসে পদক জিতে স্বপ্ন সত্যি হল। গত ১২ বছর ধরে, ২০১৪ এশিয়ান গেমস থেকে এই প্রতিযোগিতায় পদক পাওয়ার চেষ্টা করছিলাম। এ বার জীবনের বৃত্ত সম্পূর্ণ হল। খুব হালকা লাগছে। স্বপ্নের এশিয়ান গেমস গেল।”এশিয়ান গেমসের পদকটি চানুর আন্তর্জাতিক কেরিয়ারের আরও একটি উল্লেখযোগ্য সংযোজন।

অলিম্পিক্সে রুপো, বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক, কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু এশিয়ান গেমসের মঞ্চে পদক না পাওয়ার আক্ষেপ ছিল এতদিন।চানু আরও বলেন, “ভারোত্তোলন শুরু করার পর থেকেই এশিয়ান গেমসে পদক জেতার স্বপ্ন দেখে এসেছি। কিন্তু আগে বার বার এশিয়ান গেমসের আগে কিছু না কিছু হয়েছে। এ বার স্বপ্ন সত্যি হল।”দীর্ঘ অপেক্ষার পর এশিয়ান গেমসের মঞ্চে মীরাবাই চানুর এই রুপোর পদক তাই শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, তাঁর দীর্ঘ অধ্যবসায় ও প্রত্যাবর্তনেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকল।