ইতিহাসকে পিছনে ফেলে, নতুন ইতিহাস লিখে ভারত হল বিশ্বচ্যাম্পিয়ন!

নিজস্ব সংবাদদাতা : রাতটা যেন পুরোপুরি নীল জার্সিধারীদের দখলে। ইতিহাসকে পিছনে ফেলে, নতুন ইতিহাস লিখে ভারত হল বিশ্বচ্যাম্পিয়ন। যে মাঠ একদিন ভেঙে দিয়েছিল অগণিত স্বপ্ন, যে মাঠ ছিল দুঃখের প্রতীক—সেই মাঠই রবি-রাতে হয়ে উঠল প্রায়শ্চিত্তের পবিত্র মঞ্চ। হারিয়ে যাওয়া আশা যেন আবার ফিরে এল করতালির গর্জনে।তিন বছর আগে বিশাল নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিল হৃদয়ভাঙার সাক্ষী। অস্ট্রেলিয়া থামিয়ে দিয়েছিল গোটা দেশের স্পন্দন। কিন্তু সময়ের নিজস্ব গল্প থাকে। একই মাঠ, একই গ্যালারি, একই আকাশ—তবু এবার কাহিনি অন্যরকম। আহমেদাবাদেই নতুন সূর্যোদয়। নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল ভারত।২০২৬ সালে এসে যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল, আবার ইতিহাসকেও হার মানাল ভারত। এখনও পর্যন্ত কোনও দেশ তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি, কোনও দল টানা বিশ্বকাপ রক্ষা করতে পারেনি, আর কোনও আয়োজক দেশ নিজের মাটিতে ট্রফি তোলেনি। সূর্যের ভারতের হাতে একসঙ্গে ভেঙে চুরমার হল এই তিনটি রেকর্ড।আহমেদাবাদের আকাশে যখন বিশ্বজয়ের আনন্দে আতসবাজি জ্বলছে, সূর্যকুমার যাদবের দলের উপর ঝরে পড়ছে লক্ষ লক্ষ ওয়াটের আলোর রোশনাই—সেই আলো যেন পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে। কোনও রান্নাঘরে, কোনও স্কুলের শ্রেণিকক্ষে, কিংবা ভাড়া বাড়ির ছোট্ট বারান্দায়—যেখানে বসে সূর্য, তিলক আর অর্শদীপের মায়েরা নিঃশব্দে বুনেছিলেন স্বপ্ন। আজ সেই স্বপ্নপূরণের রাত।