এআই দৌড়ে ভারতের উত্থান—ওপেনএআই ও গুগলকে টক্কর দিচ্ছে বেঙ্গালুরুর স্টার্টআপ ‘সর্বম এআই’!
নিজস্ব সংবাদদাতা :আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাই যে ভবিষ্যৎ, তা এখন স্পষ্ট। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির মাঝেই আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রযুক্তিক্ষেত্রেও জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে। সেই পথেই এগিয়ে এসে বেঙ্গালুরু–র স্টার্টআপ সর্বম এআই আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ছে। সংস্থার দাবি, তাদের এআই মডেল অনেক ক্ষেত্রেই ওপেনএআই–এর চ্যাটজিপিটি এবং গুগল–এর জেমিনির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমে উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে।‘সর্বম ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল’ ভিজ্যুয়াল আন্ডারস্ট্যান্ডিং–এর ক্ষেত্রে একাধিক জটিল কাজ—যেমন ছবির ক্যাপশন তৈরি, সিন টেক্সট রিকগনিশন ও চার্ট ইন্টারপ্রিটেশন—দক্ষতার সঙ্গে সম্পন্ন করছে। সংস্থার তথ্য অনুযায়ী, এই মডেলের নির্ভুলতা প্রায় ৮৪.৩ শতাংশ। এমনকি জেমিনি ৩ প্রো ও ডিপসিক ওসিআর ২–এর মতো উন্নত মডেলকেও কিছু ক্ষেত্রে ছাড়িয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে।একইভাবে ‘ওমনিডকবেঞ্চ-ভি১.৫’ পরীক্ষায় ৯৩.২৮ শতাংশ স্কোর করে নজর কেড়েছে সর্বমের প্রযুক্তি। জটিল ফর্মুলা বা ডকুমেন্টের জটিল লেআউট বিশ্লেষণেও এই মডেল দ্রুত ও নির্ভুল সমাধান দিচ্ছে। সবচেয়ে বড় বিষয়, এতে ২২টি ভারতীয় ভাষার সমর্থন রয়েছে—যা দেশের বহুভাষিক ব্যবস্থায় প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলছে।বিশেষজ্ঞদের মতে, দেশীয় উদ্যোগে এআই প্রযুক্তির এই অগ্রগতি ভবিষ্যতে ভারতের ডিজিটাল স্বনির্ভরতার পথে বড় ভূমিকা নিতে পারে।