নবান্ন থেকে বড় বার্তা: বুলেট ট্রেন, নতুন মেট্রো ট্রেন ও রেল উন্নয়নে নজিরবিহীন বিনিয়োগ!

নিজস্ব সংবাদদাতা : আজ,শনিবার ৬ই জুন, কলকাতায় এসে মেট্রো সফর থেকে শুরু করে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক— ব্যস্ত দিন কাটালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জয় হিন্দ স্টেশন থেকে মেট্রোয় যাত্রা করে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে অটোতেও সফর করেন রেলমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও জগন্নাথ চট্টোপাধ্যায়।মেট্রো সফরকালে অশ্বিনী বৈষ্ণব জানান, আগামী পাঁচ বছরের মধ্যে কলকাতা মেট্রোয় নতুন প্রজন্মের ৬০টি আধুনিক ট্রেন যুক্ত করা হবে। এরপর তিনি নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কয়েকজন তৃণমূল বিধায়কও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রেলমন্ত্রী বাংলার রেল পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন পরিষেবা চালুর সম্ভাবনা নিয়ে পরিকল্পনা চলছে। সেই প্রকল্প বাস্তবায়িত হলে মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছনো সম্ভব হবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি বাংলার রেল পরিকাঠামো উন্নয়নে প্রায় ১ লক্ষ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের কথাও ঘোষণা করা হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকের পর বলেন, অতীতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবে বহু রেল প্রকল্পের কাজ আটকে ছিল। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে রেলমন্ত্রক ও রেলবোর্ডের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়নি। তবে বর্তমানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।মুখ্যমন্ত্রী আরও জানান, গত কয়েক বছরে বাংলায় মেট্রো ও বিভিন্ন রেল প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যের রেল উন্নয়নের জন্য ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, আগামী দিনে প্রায় ১ লক্ষ কোটি টাকার নতুন রেল প্রকল্পের কাজ শুরু হলে বাংলার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে বড় পরিবর্তন আসবে।