ভারতের খুদে ফুটবলারদের বিশ্বজয়! ব্রাজিলকে হারিয়ে গোথিয়া কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা!
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ফুটবলের জন্য গর্বের আরও এক অধ্যায় রচনা করল চণ্ডীগড়ের মিনার্ভা অ্যাকাডেমির অনূর্ধ্ব-১২ বালক দল। সুইডেনে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ যুব ফুটবল প্রতিযোগিতা গোথিয়া কাপে ফাইনালে ব্রাজিলের শক্তিশালী আরএস স্পোর্টস ইয়েলো-কে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করল ভারতের এই খুদে ফুটবলাররা।মাত্র কয়েক দিন আগেই ফিনল্যান্ডে হেলসিঙ্কি কাপ জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিল মিনার্ভা। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ইউরোপের মাটিতে আরও একটি বড় ট্রফি জিতে ভারতীয় ফুটবলের মুখ উজ্জ্বল করল তারা।সুইডেনে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ভারতীয় দলকে।
ম্যাচের ১০ মিনিটেই কিপগেন থাংসাংলেন গোল করে মিনার্ভাকে এগিয়ে দেন। এরপর ব্রাজিলের আরএস স্পোর্টস ইয়েলো সমতা ফেরালেও ম্যাচের ৪৯ মিনিটে মেখামখরাও নংরেম দুর্দান্ত এক ফ্রিকিক থেকে জয়সূচক গোল করে ফের এগিয়ে দেন মিনার্ভাকে।বাকি সময় ব্রাজিলিয়ান দল একাধিকবার আক্রমণ শানালেও মিনার্ভার দৃঢ় রক্ষণভাগ তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় ফুটবলার ও কোচিং স্টাফ। ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বার গোথিয়া কাপ জয়ের গৌরব অর্জন করে মিনার্ভা অ্যাকাডেমি।এক সপ্তাহেরও কম সময়ে ইউরোপের দুই বড় আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতা—হেলসিঙ্কি কাপ ও গোথিয়া কাপ—জিতে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ যে উজ্জ্বল, তারই বার্তা দিল মিনার্ভার এই খুদে তারকারা। আন্তর্জাতিক মঞ্চে তাদের এই সাফল্য দেশের ফুটবলপ্রেমীদের কাছেও গর্বের মুহূর্ত হয়ে থাকবে।