খড়গপুর গ্রামীণে কংগ্রেসে তীব্র ক্ষোভ, ‘বহিরাগত নয়, চাই স্থানীয় মুখ’ দাবিতে কলাইকুন্ডায় বিক্ষোভ!
সেখ ওয়ারেশ আলী : ২২৮ নম্বর খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঘোষণা ঘিরে প্রকাশ্যে এল তীব্র অসন্তোষ। বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের একটাই স্লোগান— “বহিরাগত প্রার্থী দূর হটাও, আমরা লোকাল প্রার্থী চাই।” এই দাবিকে সামনে রেখেই কলাইকুন্ডা কংগ্রেস কার্যালয়ের সামনে সোমবার ব্যাপক বিক্ষোভে সামিল হন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা। সূত্রের খবর, খড়গপুর গ্রামীণ কেন্দ্রের জন্য ঘোষিত প্রার্থীকে এলাকার একাংশ কোনওভাবেই মেনে নিতে পারছেন না।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত স্থানীয় মুখদের উপেক্ষা করে বাইরে থেকে প্রার্থী আনা হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে প্রকাশ্যে প্রতিবাদ শুরু করেন। বিক্ষোভের সময় কার্যালয় চত্বর জুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীদের দাবি, স্থানীয় মানুষের সমস্যা, এলাকার রাজনৈতিক সমীকরণ এবং সংগঠনের বাস্তব পরিস্থিতি বোঝেন এমন কাউকেই প্রার্থী করা উচিত ছিল। সেই কারণেই তাঁরা অবিলম্বে প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানিয়ে দলীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।
এই ঘটনাকে ঘিরে স্পষ্ট হয়ে উঠেছে, প্রার্থী নির্বাচন নিয়ে কংগ্রেসের অন্দরে চাপা ক্ষোভ এখন প্রকাশ্য বিদ্রোহের রূপ নিতে শুরু করেছে। ভোটের মুখে এমন বিক্ষোভ নিঃসন্দেহে দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার, পরিস্থিতি সামাল দিতে দলীয় শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ নেয় এবং স্থানীয় কর্মীদের ক্ষোভ কতটা প্রশমিত করা সম্ভব হয়।