নারী দিবস উপলক্ষে খড়গপুরে ইন্দায় অভিনব প্রতিযোগিতা, পায়ে আলতা পরানোয় মাতলেন মহিলারা!

অরিন্দম চক্রবর্তী : গত ৮ই মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে খড়গপুরে ইন্দার আনন্দনগরে এক অভিনব উদ্যোগ নিল শিল্প আহরণ সংস্থা। সংস্থার ২৫তম বর্ষে পদার্পণকে সামনে রেখে এদিন আয়োজন করা হয় মহিলাদের ঐতিহ্যবাহী সাজের অন্যতম অংশ ‘পায়ে আলতা পরানো’ প্রতিযোগিতা।

অনুষ্ঠানের পাশাপাশি এদিন উদ্বোধন করা হয় শিল্প আহরণ সংস্থার কর্ণধার প্রতীক ঘোড়ইয়ের উদ্যোগে গড়ে ওঠা প্রতীক ঘোড়ই আর্ট গ্যালারি। এই গ্যালারির উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষিকা তনুশ্রী দাস।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিআই প্রশিক্ষক রাখি ঘোষ, মনোবিদ প্রসেনজিৎ দে এবং সমাজসেবী চয়ন চ্যাটার্জি সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিল্পচর্চা যেমন উৎসাহ পাবে, তেমনই নারী শক্তির সৃজনশীলতাও নতুনভাবে প্রকাশের সুযোগ পাবে।এবারের আসরে মোট ২০ জন মহিলা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৩০ মিনিটের মধ্যে যিনি সবচেয়ে সুন্দরভাবে আলতা পরাতে পারবেন, তিনিই হবেন সেরা। উৎসাহ ও আনন্দের পরিবেশেই প্রতিযোগিতায় অংশ নেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক প্রতিযোগীকেই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।