খড়গপুরে উৎসবের আমেজে পালিত আন্তর্জাতিক যোগ দিবস
নিজস্ব সংবাদদাতা : খড়গপুরে দু’দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে পালিত হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। পশ্চিম মেদিনীপুর জেলা পতঞ্জলি যোগ সমিতি ও ভারত স্বাভিমান ট্রাস্টের উদ্যোগে ২০ ও ২১ জুন স্টার ইউনিট ধোবিঘাট ময়দানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম দিন সকালে বন্দে মাতরম্ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি যোগাভ্যাসে অংশ নেওয়ার পাশাপাশি যোগচর্চার প্রয়োজনীয়তা ও উপকারিতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা যোগপ্রেমী ও প্রশিক্ষকরা অংশ নেন। যোগগুরু চন্দ্রকান্ত রাঠোর ও ডঃ চন্দ্রকান্ত শর্মার পরিচালনায় আন্তর্জাতিক যোগ প্রটোকল মেনে যোগাভ্যাস করা হয়। দ্বিতীয় দিন বৃষ্টির কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠান শুরু হলেও উৎসাহে ভাটা পড়েনি। খড়গপুর রেলওয়ে স্টেডিয়ামে দক্ষিণ-পূর্ব রেলের ডিআরএম ললিত মোহন পাণ্ডের উপস্থিতিতে বিশেষ যোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যোগ প্রশিক্ষক মনীষা কুমারী ও তাঁর সহযোগীরা অংশগ্রহণকারীদের যোগাভ্যাস করান। পরে ডিআরএম পাঁচজন প্রশিক্ষককে স্মারক দিয়ে সম্মানিত করেন।এরপর প্রশিক্ষকরা খড়গপুরের ইন্দায় ভারত সেবাশ্রম সংঘে যোগ কর্মসূচিতে অংশ নেন। আশ্রমের অধ্যক্ষ স্বামী পঙ্কজানন্দ মহারাজের উপস্থিতিতে সেখানে আন্তর্জাতিক যোগ প্রটোকল অনুযায়ী যোগাভ্যাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ফলাহারের ব্যবস্থা করা হয়।