আন্তর্জাতিক যোগ দিবসে পূর্ব মেদিনীপুরের তালপাতি কোস্টাল থানার ব্যতিক্রমী উদ্যোগ, যোগাভ্যাসে সামিল পুলিশ-ছাত্রছাত্রীরা!
নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং তালপাতি কোস্টাল থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য যোগাভ্যাস কর্মসূচি। স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাপক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের মানুষ।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালপাতি ঘাট কোস্টাল থানার ওসি দেবদূত মণ্ডল এবং থানার অন্যান্য আধিকারিকরা।
কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে কেয়ার অফ খেজুরী স্বেচ্ছাসেবী সংস্থা ও অভিনব পূর্ব মেদিনীপুর মিশন স্কুল।অনুষ্ঠানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের পুলিশ আধিকারিক ও কর্মীরা সক্রিয়ভাবে যোগদান করেন। পাশাপাশি অভিনব পূর্ব মেদিনীপুর মিশন স্কুলের ছাত্রছাত্রী এবং কেয়ার অফ খেজুরী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও যোগব্যায়ামে অংশ নেন।
সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় কর্মসূচিটি সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে।যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি অর্জনের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে। উপস্থিত অংশগ্রহণকারীরা নিয়মিত যোগচর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হন এবং সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের অঙ্গীকার গ্রহণ করেন।আয়োজকদের মতে, আন্তর্জাতিক যোগ দিবসের এই উদ্যোগ শুধু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই নয়, সমাজে ইতিবাচক চিন্তাভাবনা ও সুস্থ জীবনধারার বার্তা পৌঁছে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।