শিল্পে বড় বিনিয়োগ, শালবনীতে ১,৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছে রাজ্য–JSW

অভিজিৎ সাহা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে নতুন সংযোজন হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী। রাজ্য সরকার ও JSW গ্রুপের যৌথ উদ্যোগে (PPP মডেল) এখানে গড়ে উঠবে ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র। শিল্প ও গার্হস্থ্য ক্ষেত্রে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতেই এই বড় প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে প্রশাসন।

কী থাকছে এই প্রকল্পে?
১) ৮০০ মেগাওয়াটের দুটি উন্নত প্রযুক্তির ইউনিট।
২) প্রায় ১৬৮৮.১৫ একর লিজহোল্ড জমিতে নির্মাণ।
৩) দেশীয় কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন।
৪) আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন খরচ নিয়ন্ত্রণের পরিকল্পনা ।

কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্প?
রাজ্যে প্রতি বছর বিদ্যুতের চাহিদা প্রায় ৭–৮% হারে বাড়ছে। প্রশাসনের মতে, এই তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হলে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং শিল্প বিনিয়োগের পরিবেশ শক্তিশালী হবে। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে ২৫ বছরের পাওয়ার পারচেজ় এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।

কর্মসংস্থান ও স্থানীয় উন্নয়ন সরকারি সূত্রের দাবি:
প্রকল্পটি বাস্তবায়িত হলে শালবনী ও পার্শ্ববর্তী এলাকায় শিল্প পরিকাঠামোর উন্নয়ন, পরোক্ষ ও প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে। নির্বাচনের আবহে এই বড় বিনিয়োগ রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তিকে আরও জোরালো করেছে বলেই মনে করা হচ্ছে।