আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ, ২৮ মার্চ উদ্বোধনী লড়াই বেঙ্গালুরু–হায়দরাবাদ!
নিজস্ব সংবাদদাতা : আসন্ন আইপিএল মরসুমের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় এই T–২০ প্রতিযোগিতা। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও অসমের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বাকি সূচি প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে। সূচি অনুযায়ী, ২৮ মার্চ বেঙ্গালুরুতে বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই মাঠে নামছে কলকাতা। ২৯ মার্চ মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতার প্রথম ম্যাচ ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এরপর ৬ এপ্রিল পঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে কলকাতা—দুটি ম্যাচই ইডেনে। প্রথম পর্যায়ের সূচি অনুযায়ী প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। কলকাতার প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিই ঘরের মাঠে। ফলে পশ্চিমবঙ্গে ভোটের সময় কলকাতাকে বাইরে খেলতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রথম ২০ ম্যাচের সূচি:
২৮ মার্চ: বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)
২৯ মার্চ: মুম্বই বনাম কলকাতা (মুম্বই)
৩০ মার্চ: রাজস্থান বনাম চেন্নাই (গুয়াহাটি)
৩১ মার্চ: পঞ্জাব বনাম গুজরাত (মুল্লানপুর)
১ এপ্রিল: লখনউ বনাম দিল্লি (লখনউ)
২ এপ্রিল: কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)
৩ এপ্রিল: চেন্নাই বনাম পঞ্জাব (চেন্নাই)
৪ এপ্রিল: দিল্লি বনাম মুম্বই (দিল্লি), গুজরাত বনাম রাজস্থান (অহমদাবাদ)
৫ এপ্রিল: হায়দরাবাদ বনাম লখনউ (হায়দরাবাদ), বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)
৬ এপ্রিল: কলকাতা বনাম পঞ্জাব (কলকাতা)
৭ এপ্রিল: রাজস্থান বনাম মুম্বই (গুয়াহাটি)
৮ এপ্রিল: দিল্লি বনাম গুজরাত (দিল্লি)
৯ এপ্রিল: কলকাতা বনাম লখনউ (কলকাতা)
১০ এপ্রিল: রাজস্থান বনাম বেঙ্গালুরু (গুয়াহাটি)
১১ এপ্রিল: পঞ্জাব বনাম হায়দরাবাদ (মুল্লানপুর), চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)
১২ এপ্রিল: লখনউ বনাম গুজরাত (লখনউ), মুম্বই বনাম বেঙ্গালুরু (মুম্বই)