চন্দননগরের গর্ব অভিজিৎ ভট্টাচার্য, আজ IPL মঞ্চে অন-ফিল্ড আম্পায়ারের গুরুত্বপূর্ণ ভূমিকায়!
নিজস্ব সংবাদদাতা : আজ ৩১শে মার্চ, Punjab Kings বনাম Gujarat Titans-এর হাইভোল্টেজ IPL ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন আমাদের চন্দননগরের গর্ব, অত্যন্ত পরিচিত মুখ অভিজিৎ ভট্টাচার্য। তাঁর এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বে ভাসছে গোটা চন্দননগর।গত কয়েক বছর ধরে BCCI-র বিভিন্ন ডোমেস্টিক প্রতিযোগিতায় তিনি নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করে আসছেন। শুধু তাই নয়, গত বছরের WPL ফাইনালেও তাঁকে আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছিল।
IPL-এর গত মরসুমেও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন এবং প্রতিবারই নিজের দক্ষতা ও নিরপেক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন। চলতি মরসুমেও বেশ কিছু ম্যাচে তাঁকে একই ভূমিকায় দেখা যাবে বলে জানা যাচ্ছে।ব্যক্তিগতভাবে স্কুলজীবনে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের ক্যাপ্টেন হিসেবে, কিংবা চন্দননগর ক্রিকেট লিগে খেলার সময় বড় দাদা হিসেবে তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। মাঠে তাঁর নেতৃত্ব, খেলাধুলার প্রতি নিষ্ঠা এবং ব্যক্তিত্ব সবসময়ই অনুপ্রেরণার।
উল্লেখযোগ্য বিষয়, তিনি শুধু একজন দক্ষ আম্পায়ারই নন, নিজেও ছিলেন একজন বড় মাপের ক্রিকেটার। চন্দননগর থেকে কলকাতা ময়দান, এমনকি সুদূর ইংল্যান্ডের মাইনর কাউন্টি ক্রিকেটেও তিনি অত্যন্ত সুনামের সঙ্গে খেলেছেন। সেই অভিজ্ঞতাই আজ তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য আম্পায়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।চন্দননগরের ক্রীড়াপ্রেমীদের কাছে আজকের দিনটি নিঃসন্দেহে গর্বের—নিজেদের শহরের একজন মানুষ IPL-এর মতো বিশ্বমানের মঞ্চে এত বড় দায়িত্ব সামলাচ্ছেন, এ যেন গোটা শহরেরই প্রাপ্তি।