আইপিএলের আগে বড় চমক! কামিন্সের বদলে সানরাইজার্সের নতুন অধিনায়ক ঈশান কিষাণ?
নিজস্ব সংবাদদাতা : IPL শুরুর আগেই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবির। দলের নেতৃত্বে আসতে চলেছে বড় পরিবর্তন। এতদিন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের উপর ভরসা রাখলেও, এবার সেই সমীকরণ বদলাতে পারে।প্যাট কামিন্স বর্তমানে চোট সমস্যায় ভুগছেন। আইপিএলের শুরুতেই তিনি সব ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমনকি কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন, সেটাও এখনও স্পষ্ট নয়। ফলে ঝুঁকি এড়াতেই বিকল্প নেতৃত্বের দিকে ঝুঁকছে সানরাইজার্স। সূত্রের খবর, আসন্ন মরসুমে সানরাইজার্সের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণকে। সাম্প্রতিক পারফরম্যান্স এবং ফিটনেস পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের মঞ্চে ঈশান কিষাণ যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, তা নজর কেড়েছে ক্রিকেট মহলের। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সই তাঁকে ফের আলোচনায় নিয়ে আসে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে তাঁর নেতৃত্বে ঝাড়খণ্ড চ্যাম্পিয়ন হয়, এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মানও পান তিনি। এরপর বিশ্বকাপে সুযোগ পেয়ে তা পুরোপুরি কাজে লাগান ঈশান। টুর্নামেন্টে ৩১৭ রান করার পাশাপাশি ফাইনালেও গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি করেন তিনি, যা তাঁর নেতৃত্বগুণ ও ম্যাচ জেতানোর ক্ষমতাকে আরও দৃঢ়ভাবে সামনে আনে।
ঘরোয়া ক্রিকেটে তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্ম—দুটোই তাঁকে শক্তিশালী প্রার্থী করে তুলেছে। যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে, তাহলে এবারের আইপিএলে সব দলের অধিনায়কই হবেন ভারতীয়। এতদিন একমাত্র সানরাইজার্সেই বিদেশি অধিনায়ক ছিল, এবার সেই ধারা ভাঙতে চলেছে।