সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে মেদিনীপুর, বুধবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!

সেখ ওয়ারেশ আলী : সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলতে পারে। কোথাও কোথাও হতে পারে এক-দু’পশলা ভারী বৃষ্টিও।হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। পশ্চিমবঙ্গ, সংলগ্ন ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরজুড়ে বিস্তৃত এই নিম্নচাপের প্রভাবেই সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ফলে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। যদিও আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।