লোহার রডে গুরুতর জখম রামলাল, যন্ত্রণায় কাতর প্রিয় হাতিকে ঘিরে উদ্বেগ জঙ্গলমহলে!

সেখ ওয়ারেশ আলী : জঙ্গলমহলের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি দলছুটশান্ত স্বভাবের দাঁতাল হাতি হলো রামলাল। জঙ্গলমহলের মানুষের অত্যন্ত পরিচিত ও প্রিয় হাতি রামলাল গুরুতর আহত হয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। তার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে রামলালকে সুস্থ করে তোলার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।জানা গিয়েছে, প্রায় ৩–৪ দিন আগে রামলালের পায়ে একটি লোহার রড ঢুকে যায়। গুরুতর চোট পেলেও যন্ত্রণার মধ্যেই থেমে থাকেনি হাতিটি। আহত পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রায় ২০–২৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে বলে জানা যাচ্ছে।

বর্তমানে পীড়াকাটা রেঞ্জের রঞ্জা বিট এবং আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের সীমান্তবর্তী ৫৫৫ গেট সংলগ্ন এলাকায় শুয়ে রয়েছে রামলাল। আহত পায়ে ভর দিতে না পারায় ঠিকমতো চলাফেরা করতে পারছে না সে। শারীরিক যন্ত্রণায় কার্যত কাতর অবস্থায় রয়েছে হাতিটি।জঙ্গলমহলের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের পরিচিত রামলাল। ফলে তার এমন অসহায় অবস্থার খবর সামনে আসতেই মন খারাপ স্থানীয়দের। অনেকেই দ্রুত বনদপ্তরের উদ্যোগে রামলালের চিকিৎসা শুরু করার দাবি জানিয়েছেন।এখন নজর রামলালের চিকিৎসা ও শারীরিক অবস্থার দিকে। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা পেলে জঙ্গলমহলের মানুষের প্রিয় এই হাতি আবার সুস্থ হয়ে জঙ্গলে ফিরবে—এমনটাই আশা স্থানীয়দের।