ঝাড়গ্রামে ভয়াবহ অভিযোগ: জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ, পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার নালিশ!

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকায় এক মধ্যবয়স্ক বিধবাকে ধর্ষণ করে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, একই গ্রামের বাসিন্দা রোনাক পাণ্ডা ওই মহিলাকে গাড়িতে করে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তাঁকে অচেতন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর মহিলার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।গুরুতর দগ্ধ অবস্থায় কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে রাস্তায় এসে কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে সাহায্য চান ওই মহিলা। পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রোনাক পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঘটনার নেপথ্যে আরও কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।