সাঁওতালি ভাষায় রাজ্যে প্রথম মনিমালা বেসরা, লড়াই জিতে সাফল্যের শিখরে ঝাড়গ্রামের কৃতি ছাত্রী!
নিজস্ব সংবাদদাতা : উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় রাজ্যে প্রথম হয়ে নজির গড়লেন ঝাড়গ্রামের কৃতি ছাত্রী মনিমালা বেসরা। ৯১.৪ শতাংশ নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেছেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (ইএমআরএস)-এর আবাসিক ছাত্রী মনিমালা। তাঁর এই কৃতিত্বে গর্বিত পরিবার থেকে শুরু করে গোটা জেলা ও আদিবাসী সমাজ।ঝাড়গ্রামের বেলপাহাড়ির মুড়ানশোল গ্রামের বাসিন্দা মনিমালার জীবনসংগ্রাম মোটেও সহজ ছিল না। ছোটবেলাতেই বাবাকে হারান দুই বোন। এরপর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে মা সকলমণি বেসরার কাঁধে। চাষের কাজ করে বহু কষ্টের মধ্যেও তিনি কখনও মেয়েদের পড়াশোনায় বাধা আসতে দেননি। সেই কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ফলেই আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন মনিমালা।এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মনিমালার প্রাপ্ত নম্বর ৪৫৭। তাঁর ছোট বোন শেফালিও ৪৪৩ নম্বর পেয়ে উল্লেখযোগ্য ফল করেছে। দুই বোনই ঝাড়গ্রামের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্রী এবং হস্টেলে থেকেই পড়াশোনা করে এই সাফল্য অর্জন করেছে।মনিমালার এই কৃতিত্ব শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি গোটা আদিবাসী সমাজের জন্য এক অনুপ্রেরণার গল্প। কঠোর অধ্যবসায়, সংগ্রাম ও শিক্ষার প্রতি অদম্য ইচ্ছাশক্তিই যে সাফল্যের চাবিকাঠি, তা আরও একবার প্রমাণ করলেন তিনি।