অস্বাস্থ্যকর রং মিশিয়ে বিরিয়ানি! ঝাড়গ্রামে ‘হাজী বিরিয়ানি’ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের!

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম শহরের একটি জনপ্রিয় বিরিয়ানি বিক্রয়কেন্দ্র ‘হাজী বিরিয়ানি’-র বিরুদ্ধে খাবারে অস্বাস্থ্যকর ও মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। সম্প্রতি সিএমওএইচ (CMOH) দফতরের আধিকারিকরা ওই প্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়মের প্রমাণ পান এবং দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খাবার প্রস্তুতের সময় এমন ফুড কালার ব্যবহার করা হচ্ছিল যা খাদ্য নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং দীর্ঘদিন ধরে সেবনের ফলে মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

এর আগেও দোকান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল এবং খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ অমান্য করেই একইভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।পরিদর্শনের সময় বিভিন্ন খাদ্য নিরাপত্তা সংক্রান্ত অনিয়ম ধরা পড়ায় স্বাস্থ্য দফতর কঠোর অবস্থান গ্রহণ করে। এর জেরে আপাতত দোকানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনাকে ঘিরে ঝাড়গ্রাম শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।