ঝাড়গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁতাল হাতির মৃত্যু, চাঞ্চল্য এলাকায়!
সেখ ওয়ারেশ আলী : ঝাড়গ্রামের লোধাশুলি রেঞ্জের গড় শালবনীর কৌশলা হেরিটেজ এলাকার একটি ফলের বাগানে পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে বনদপ্তরের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতিটির।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগানের চারপাশে বিদ্যুতের তার লাগানো ছিল। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএফও, রেঞ্জার এবং তদন্তকারী দল। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি কী কারণে বাগানে বিদ্যুতের তার লাগানো হয়েছিল এবং সেই তারে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ ছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।স্থানীয় মানুষের দাবি, যাদের গাফিলতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে বন্যপ্রাণী রক্ষায় বনদপ্তরকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।