ঝাড়গ্রামে নর্দমার জল রাজ্য সড়কে, রাস্তায় নেমে ক্ষোভ বিজেপি প্রার্থীর!
নিজস্ব সংবাদদাতা : শুধু অভিযোগে সীমাবদ্ধ থাকেননি, বরং ঝাড়গ্রাম শহরের বেহাল নিকাশি ব্যবস্থার বাস্তব চিত্র সরেজমিনে তুলে ধরলেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ।৬ এপ্রিল, সোমবারের প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল বৃষ্টিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে রাজ্য সড়কের উপর জমে যায় এক হাঁটু জল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মূল সড়কের উপর দিয়েই নর্দমার জল বইতে শুরু করে, ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ ও যানবাহন চালকেরা।
এই পরিস্থিতি ঘিরে প্রশ্ন তোলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। তাঁর অভিযোগ, নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করা হলেও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কেন এমন জল জমে থাকছে, তা নিয়ে জবাবদিহি হওয়া প্রয়োজন।জানা গিয়েছে, এদিন তিনি লালগড়ে প্রচার সেরে দলীয় কার্যালয়ের দিকে ফিরছিলেন। সেই সময় পাঁচমাথা মোড়ের এই বেহাল অবস্থা চোখে পড়তেই তিনি গাড়ি থেকে নেমে আসেন। স্থানীয় বাসিন্দাদের সামনে জলমগ্ন রাস্তার উপর দাঁড়িয়ে তিনি কার্যত “চোখে আঙুল দিয়ে” শহরের নিকাশি ব্যবস্থার দুরবস্থা তুলে ধরেন।ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের পুর-পরিষেবা ও পরিকাঠামো নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।