ঝাড়গ্রামপথে টায়ার ফেটে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, উল্টে গেল পিকআপ ভ্যান — মৃত ১, আহত অন্তত ১০!

অভিজিৎ সাহা : ঝাড়গ্রামমুখী পথে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত হলেন অন্তত ১০ জন। ৯ই ফেব্রুয়ারি সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ খড়্গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা এলাকায় জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, মেদিনীপুর সদর ব্লকের ৭ নম্বর বনপুরা এলাকার বাসিন্দাদের নিয়ে একটি পিকআপ ভ্যান ঝাড়গ্রামের বালিভাসায় মুরগির হাটে যাচ্ছিল।

গাড়িটিতে প্রায় ২০–২২ জন যাত্রী ছিলেন। হঠাৎ জাতীয় সড়কে চলন্ত অবস্থায় পিকআপ ভ্যানটির পিছনের একটি টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি, ফলে ঘটনাস্থলেই চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয়রা। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

খড়্গপুর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে জানান, দুর্ঘটনায় শেখ আল্লা রাখা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় বলেন, মুরগির হাটে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং স্থানীয় নেতৃত্বকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা ও মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান।চিকিৎসাধীন আহতদের অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।