নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে খণ্ডঘোষের এআরও জ্যোৎস্না খাতুন সাসপেন্ড, কড়া বার্তা কমিশনের!
অভিজিৎ সাহা : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) তথা জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।অভিযোগ, নির্বাচনের মতো স্পর্শকাতর দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে এলাকায় সক্রিয়ভাবে প্রচারে যুক্ত ছিলেন। কমিশনের স্পষ্ট নিয়ম অনুযায়ী, ভোটের কাজে নিযুক্ত কোনও সরকারি আধিকারিক কোনও রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে পারেন না। এই ধরনের পদক্ষেপ আদর্শ আচরণবিধির পরিপন্থী হওয়ায় অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে মনে করেই কমিশন দ্রুত ব্যবস্থা নিয়েছে।এদিকে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে মুখ্যসচিব, ডিজিপি, সিইও-সহ সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং মালদহের মোথাবাড়ির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।কমিশনের তরফে স্পষ্ট বার্তা, নির্বাচনের দায়িত্বে থাকা কোনও আধিকারিকের বিরুদ্ধে গাফিলতি, পক্ষপাতিত্ব বা নিয়মভঙ্গের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ও কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই একাধিক আধিকারিককে সাসপেন্ড ও শোকজ করা হয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন জ্যোৎস্না খাতুন।