সংস্কার ভারতী ও পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের যৌথ উদ্যোগে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য!

নিজস্ব সংবাদদাতা : ৬ জুলাই,সোমবার ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের (ইজেডসিসি) ঐকতান সভাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এবং পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের পদাধিকারীরা।অখণ্ড ‘বন্দেমাতরম’ পরিবেশনা এবং দীপমন্ত্র পাঠের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশীষ গিরি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স-এর গবেষক তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক জিষ্ণু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কার ভারতীর কেন্দ্রীয় সম্পাদিকা নীলাঞ্জনা রায়-সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও আমন্ত্রিত অতিথিরা। বক্তারা তাঁদের বক্তব্যে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, শিক্ষা-চিন্তা, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও চিন্তাধারাকে পৌঁছে দেওয়ার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংস্কার ভারতীর সদস্য শিল্পী শীর্ষ আচার্যের লাইভ পেইন্টিং। অনুষ্ঠানের মধ্যেই তিনি তুলির আঁচড়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি প্রতিকৃতি অঙ্কন করেন। পরে সেই প্রতিকৃতি সংরক্ষণের উদ্দেশ্যে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশীষ গিরির হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্যের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি হয়। এরপর সংস্কার ভারতীর উত্তর কলকাতা জেলা, দক্ষিণ কলকাতা জেলা এবং হাওড়া নগর জেলার শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান।