"Justice for Our Children"— ন্যায়বিচার ও প্রিন্সিপাল অপসারণের দাবিতে বিক্ষোভ!
সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্র যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিত ছাত্রের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করেছে।তবে ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ অভিভাবকদের একাংশের। এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই স্কুলের প্রধান ফটকের সামনে অভিভাবকরা অবস্থান-বিক্ষোভে সামিল হন। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য স্কুলের গেট বন্ধ রাখা হয়।
প্রতিবাদকারীদের দাবি, ঘটনার নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে স্কুলের প্রিন্সিপালকে অপসারণ করতে হবে। বিক্ষোভস্থলে "We Want Justice" এবং "Justice for Our Children" স্লোগানের পাশাপাশি প্রিন্সিপালের পদত্যাগের দাবিও জোরালোভাবে তোলা হয়।
অভিভাবকদের প্রশ্ন, শহরের একটি স্বনামধন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এত গুরুতর অভিযোগ সামনে আসার পরও স্কুল কর্তৃপক্ষের তরফে কেন কোনও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলো না।
ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই স্কুল চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।