কে.ডি কলেজের ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, সামাজিক সচেতনতার বার্তা রোশনারা খানের!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের কৈবল্য দায়িনী (কে.ডি) কলেজ অব কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজের ৬৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক ডঃ শঙ্কর গুচ্ছাইত। উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশনারা খান, শিল্পপতি মদনমোহন মাইতি,টিচার
ইনচার্জ পান্ডব চন্দ্র মাঝি, কলেজ অধ্যক্ষ দুলাল চন্দ্র দাস, প্রাক্তন অধ্যক্ষ দিলীপ নিয়োগী, কমিটির সেক্রেটারি মিলন কুমার সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারী নির্যাতন ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার প্রসঙ্গ তুলে ধরেন রোশনারা খান। অতীতে মেয়েদের অল্প বয়সেই বিয়ে দেওয়া এবং বৈধব্যের কঠোর সামাজিক নিয়মের কথা উল্লেখ করে তিনি বর্তমান সময়েও বাল্যবিবাহের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মেয়েদের শিক্ষা ও অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।১৯৬১ সালে মেদিনীপুর শহরে পথচলা শুরু হয় এই কলেজের। প্রতিষ্ঠার পর প্রথমদিকে মেদিনীপুর কলেজের ক্যাম্পাসেই পঠনপাঠন চলত। পরবর্তীতে রামগড়ের রাজা তাঁর মায়ের নামে কলেজ কর্তৃপক্ষকে জমি দান করেন। সেই জমিতেই গড়ে ওঠে বর্তমান কলেজের পরিকাঠামো।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বাণিজ্য বিষয়ে শিক্ষার জন্য বিশেষ পরিচিতি অর্জন করে এই প্রতিষ্ঠান। বর্তমানে অ্যাকাউন্টেন্সি, মার্কেটিং, ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলা, ইংরেজি ও ভূগোলে অনার্স পড়ানো হয়। কলেজে পড়ুয়ার সংখ্যা বর্তমানে ১৪০০-রও বেশি।কলেজের দীর্ঘ ঐতিহ্যকে সামনে রেখে ক্যাম্পাসকে নতুনভাবে সাজানো হয়েছে। পড়ুয়াদের জন্য উন্নতমানের পরিকাঠামো এবং শিক্ষার পরিবেশ আরও ভালো করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ৬৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কলেজের অতীত ঐতিহ্যের পাশাপাশি আগামী দিনের শিক্ষাব্যবস্থা নিয়েও নতুন প্রত্যাশার কথা উঠে আসে।