কালবৈশাখীর ভয়ঙ্কর তাণ্ডবে লণ্ডভণ্ড মেদিনীপুর, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা!

সেখ ওয়ারেশ আলী : বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই হঠাৎই প্রলয়ংকরী রূপ নিল আবহাওয়া। Medinipur শহর জুড়ে কালবৈশাখীর তাণ্ডবে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ শুরু হয় প্রবল ঝড়, সঙ্গে দমকা হাওয়া, ঘন ঘন বজ্রপাত এবং মুষলধারে বৃষ্টি।অল্প সময়ের মধ্যেই ঝড়ের তীব্রতায় শহরের বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। একাধিক জায়গা থেকে গাছের ডাল ভেঙে পড়ার খবর মিলেছে।

কোথাও সেই ডাল বিদ্যুতের তারের উপর পড়ে তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। ফলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের মধ্যে।ঝড়ের দাপটে বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষ করে কাঁচা বাড়ি ও টিনের ছাউনি থাকা ঘরগুলি বড়সড় ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।উল্লেখযোগ্য বিষয়, আগে থেকেই India Meteorological Department কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছিল। সেই পূর্বাভাসই এদিন সন্ধ্যায় বাস্তবে রূপ নেয়, যা ফের প্রমাণ করল আবহাওয়ার খামখেয়ালিপনার সামনে মানুষের অসহায়তা।