বিধানসভায় হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বড় অ্যাকশন, গ্রেফতার ফিরহাদের প্রাক্তন OSD কালীচরণ!
নিজস্ব সংবাদদাতা : তারাতলা দুর্ঘটনার তদন্তে বড় পদক্ষেপ। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় বিষয়টি নিয়ে সরব হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি (OSD) কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল (SIT)। তারাতলা বিপর্যয়ের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিলতেই এই পদক্ষেপ বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।বিধানসভায় তারাতলা বিপর্যয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক নথি তুলে ধরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট নথিতে ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে। একইসঙ্গে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তিনি বলেন, তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ক্যামাক স্ট্রিটের নির্দেশেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভায় নিয়োগ করা হয়েছিল এবং শহরের একাধিক বহুতলের অনুমোদন সংক্রান্ত বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।এর কয়েক ঘণ্টার মধ্যেই রাতে বিশেষ তদন্তকারী দল (SIT) কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, তারাতলা বিপর্যয়ের নেপথ্যে সম্ভাব্য অনিয়ম ও প্রশাসনিক ভূমিকা খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে কালীচরণ বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত এখনও চলছে এবং পরবর্তী পর্যায়ে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্তকারী সূত্রের দাবি।